ইতালিয়ান সিরি আ-তে রোমার নতুন মৌসুমের শুরুটা হলো দুর্দান্ত এক গোল উৎসবে। প্রতিপক্ষ ফিওরেন্তিনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটি। এই ম্যাচে ডাচ ফরোয়ার্ড ডোনিয়েল মালেনের হ্যাটট্রিক আর পাওলো দিবালার জাদুকরি পারফরম্যান্স যেমন আলো ছড়িয়েছে, তেমনি অন্যদিকে রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় যোগ দেওয়া আরেক আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর অভিষেকটা হয়েছে পুরোপুরি বিবর্ণ ও হতাশাজনক।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় রোমা। ২৭ মিনিটে দিবালার অসাধারণ এক সোলো রান ও নিখুঁত পাসের সাহায্যে দলকে প্রথম গোল এনে দেন মালেন। এরপর বিরতির পর ৫২ ও ৬০ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডাচ এই ফরোয়ার্ড। আর এই তিন গোলেই সরাসরি অ্যাসিস্ট করে অনন্য এক সৃষ্টিশীলতার পরিচয় দেন দিবালা। ম্যাচের শেষ দিকে নিকোলো পিসিল্লি আরও এক গোল করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোমা।
মালের এই দুর্দান্ত পারফরম্যান্স তাকে ছাড়িয়ে গেছে ক্লাব কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ডকেও। রোমার হয়ে প্রথম ১৯ লিগ ম্যাচে বাতিস্তুতা করেছিলেন ১৫ গোল, আর মালেন এরই মধ্যে করে ফেলেছেন ১৭ গোল।
ম্যাচ শেষে স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএন-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলের দুই তারকার (মালেন ও দিবালা) প্রশংসায় রোমার মিডফিল্ডার ও অধিনায়ক ব্রায়ান ক্রিস্টান্তে বলেন, ‘যখন তারা ফর্মে থাকে, তখন তারাই পার্থক্য গড়ে দেয়। আমরা আশা করি তারা দীর্ঘ সময় এভাবেই খেলে যাবে।’
অন্যদিকে, এই ম্যাচের রাতটি আরেক আর্জেন্টাইন ফিওরেন্তিনার ১৯ বছর বয়সী মিডফিল্ডার মাস্তানতুয়োনোর জন্য ছিল দুঃস্বপ্নের মতো। রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফ্লোরেন্সে পা রাখার পর সিরি আ-তে এটিই ছিল তার প্রথম ম্যাচ। তবে রোমার শক্তিশালী রক্ষণভাগে সম্পূর্ণ নিষ্প্রভ ছিলেন এই আর্জেন্টাইন তরুণ। ৬২ মিনিটে তাকে তুলে নেন কোচ। হতাশা লুকাতে না পেরে মাঠ ছাড়ার সময় বেঞ্চে বসে রাগের মাথায় মাটিতে জিনিসপত্র ছুড়ে মারতেও দেখা যায় তাকে। ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলের বড় হার সব মিলিয়ে মাস্তানের জন্য অভিষেক রাতেই জুটেছে চরম হতাশা।