কোচ হয়ে ক্রিকেট মাঠে ফিরছেন সৌরভ গাঙ্গুলি

ক্রিকেট মাঠে নতুন ভূমিকায় ফিরছেন সৌরভ গাঙ্গুলি। এই প্রথম কোনো দলের প্রধান কোচ হতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

২৬ ডিসেম্বর শুরু হবে এসএ টোয়েন্টির চতুর্থ আসর। এর আগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ ছিলেন সাবেক ইংলিশ ব্যাটার জনাথন ট্রট। তাকে সরিয়ে এবার দায়িত্ব পাচ্ছেন গাঙ্গুলি।

গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল প্রতিষ্ঠান জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। সেই সূত্র ধরেই এবার কোচের চেয়ারে বসতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

গাঙ্গুলির প্রশাসনিক ও পরামর্শদাতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি। ২০১৯ সালে দিল্লি ক্যাপিটালসে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন, যদিও কিছুদিন পরই বিসিসিআই সভাপতির দায়িত্ব নেওয়ার কারণে পদ ছাড়েন। এরপর ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে ফেরেন ক্রিকেট পরিচালক হিসেবে।

জেএসডব্লিউ স্পোর্টস আইপিএলের দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক। এছাড়া উইমেন্স প্রিমিয়ার লিগেও তাদের দল রয়েছে। বর্তমানে প্রিটোরিয়া ক্যাপিটালসের ক্রিকেট বিষয়ক কর্মকাণ্ডও গাঙ্গুলির তত্ত্বাবধানে রয়েছে। ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির আসন্ন নিলামে অংশ নিয়ে নতুন মৌসুমের দল সাজানো শুরু করবেন তিনি।

প্রিটোরিয়া ক্যাপিটালস প্রথম মৌসুমে ফাইনাল খেললেও শেষ দুই আসরে ব্যর্থ হয়েছে। এবার নতুন কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে দলটি।