স্বাধীনতা দিবসে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার জেলেনস্কির

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন, আমাদের প্রয়োজন ন্যায়সঙ্গত শান্তি, এমন শান্তি যেখানে আমাদের ভবিষ্যৎ শুধু আমরাই ঠিক করব। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না তাদের শান্তির ডাক শোনা হচ্ছে।

জেলেনস্কি বলেন, ইউক্রেন এখনো জেতেনি, কিন্তু নিশ্চয়ই হারেওনি।

ইউক্রেন রাতারাতি রাশিয়ার বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে— মস্কোর এমন দাবির পর এই মন্তব্য করেছেন জেলেনস্কি। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের জন্য তারা ড্রোন হামলাকে দায়ী করেছে।

বিদ্যুৎকেন্দ্রের প্রেস সার্ভিস জানিয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তারা অগ্নিকাণ্ডের খবর সম্পর্কে অবগত। সংস্থার মহাপরিচালক বলেন, প্রতিটি পারমাণবিক স্থাপনা সর্বদা সুরক্ষিত থাকতে হবে।

যুদ্ধকালীন পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে রাশিয়া ও ইউক্রেন উভয়পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে আইএইএ।

কিয়েভে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেদিন দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই উদযাপনে অংশ নেন এবং সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে জেলেনস্কির পাশে দাঁড়িয়ে বক্তৃতায় বলেন, আমি খুব সহজ ও গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই— কানাডা সবসময় ইউক্রেনের পাশে থাকবে।

তিনি জানান, ড্রোন, গোলাবারুদ এবং সাঁজোয়া যানসহ একশ কোটি কানাডিয়ান ডলারের (৫৩৪ মিলিয়ন পাউন্ড) বেশি সামরিক সহায়তা ইউক্রেনে পৌঁছে দেওয়া হবে সেপ্টেম্বরের মধ্যেই। ইউক্রেনীয় সংবাদমাধ্যম জানায়, জুলাই মাসে ঘোষিত সহায়তা প্যাকেজের অর্ধেকের বেশি এই সরঞ্জামের মধ্যে অন্তর্ভুক্ত।