রাশিয়ার ৮ ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’এর আটটি জ্বালানিবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালানো হয়েছে। এসব ট্যাংকার অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ করছিল বলে জানিয়েছে কিয়েভ।

মঙ্গলবার (৭ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের ড্রোন বাহিনী জানায়, আজভ সাগরে অভিযান চালিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রায় সাত হাজার টন ধারণক্ষমতার আটটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

এর একদিন আগেও একই এলাকায় রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’এর আরও দুটি জাহাজে হামলার দাবি করেছিল ইউক্রেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ার জ্বালানি ও সরবরাহ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, এতে উপদ্বীপটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। রাশিয়ার যুদ্ধ পরিচালনায় ক্রিমিয়ার সরবরাহ ব্যবস্থা গুরুত্বপূর্ণ হওয়ায় এসব হামলা চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে।

ড্রোন বাহিনীর ভাষ্য, রাশিয়ার নৌ-সরবরাহ ব্যবস্থায় আঘাত হানলে সেনাদের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও গোলাবারুদ সরবরাহ ব্যাহত হবে, বিশেষ করে অধিকৃত ক্রিমিয়ায়।

ইউক্রেন হামলার ভিডিও প্রকাশ করেছে, যেখানে ট্যাংকারে আঘাত হেনে আগুন লাগতে দেখা যায়। তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’-এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত