সংসদে নারীদের সংরক্ষিত আসন ১০০ করার দাবিসহ বগুড়ায় নারী নির্যাতন প্রতিরোধ দিবসে রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের সাতমাথায় সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়ার সভাপতি অ্যাডভোকেট দিলরুবা নূরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদ বগুড়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়ার সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার এ্যানির পরিচালনা আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহ সভাপতি অ্যাডভোকেট রাধা রানী বর্মন, অর্থ বিষয়ক সম্পাদক নিয়তি সরকার নিতুসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়েছে। তারপর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। দেশে সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছে। দেশের কমিশনগুলো কাজ করছে। যখন নারী কমিশন তাদের সংস্কার তুলে ধরল, তখন ঢাকায় হেফাজতে ইসলাম সমাবেশ ডাকল। সেখানে নারীদের অপমান করা হয়েছে, অশ্লীলতা তুলে ধরা হলো। কিন্তু তারা ভুলে গেছে আজকের নতুন বাংলাদেশে নারীরা তাদের ঘর ছেড়ে অসহযোগ আন্দোলনে রুপ দিয়েছিল ২৪ এর আগস্টে। আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসন ১০০ তে উন্নীত করতে হবে। এবং প্রতিটি আসনে ভোটের মাধ্যমে নির্বাচন দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
বক্তারা আরও বলেন, বগুড়ার তুফানকাণ্ডে একজন নারী তার ধর্ষণের মামলার মিমাংসা করেছে টাকার বিনিময়ে। আদালতে সাক্ষী দেয়ার আগে নিয়েছে ২০ লাখ, আদালতে বলেছে ঘটনার দিন তারিখ তার মনে নেই। আদালতে এমন সাক্ষী দেয়ার পর আরও ২০ লাখ টাকা। এভাবে বিচার কেনাবেচা হয়। আমাদের দেশে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ হলেও তা চলছে। কারণ সরকার দায়িত্ব নিচ্ছে না। নারীদের অসহায় জীবন যাপন চলছে অর্থের কারণে। যার ফলে নারীদের উপর নির্যাতন, নিপীড়নে শিকার হচ্ছে। ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াসমীনকে পুলিশ সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করেছিল। সেসময় সারাদেশের মানুষ জেগে উঠেছিল। ৫ জন ভাই নিহত হয়েছিল ইয়াসমিন হত্যার বিচার চেয়ে। দেশের প্রতিটি প্রান্তে এখন নারী নির্যাতন চলছে, নারীদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাই দেশে নারী সম্মান রক্ষায় জোর দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে সন্ধ্যা সোয়া ৬টায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম শহরে মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রজাবাহিনী প্রেস লেনে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।