ইয়েমেনের সানায় ইসরায়েলের বিমান হামলা

গাজায় যুদ্ধের মধ্যেই ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। আল মাসিরাহ টিভি ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

আল মাসিরাহ জানিয়েছে, রবিবারের এই হামলার লক্ষ্য ছিল একটি তেল প্রক্রিয়াজাতকরণ কারখানা ও বিদ্যুৎকেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে সানায় অবস্থিত রাষ্ট্রপতির কমপ্লেক্সও ছিল।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হুতিদের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে রাষ্ট্রপতি প্রাসাদের একটি স্থাপনা এবং আসার ও হিজাজ বিদ্যুৎকেন্দ্র অন্তর্ভুক্ত।

সেনাবাহিনী বলেছে, ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতি শাসনের ধারাবাহিক হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি ভূখণ্ডের দিকে সার্ফেস-টু-সার্ফেস ক্ষেপণাস্ত্র এবং ইউএভি ছুড়েছে তারা।

হুতিরা দুদিন আগে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবির পরই পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর হুতিদের দাবি, গাজায় ইসরায়েলি নৃশংসতা ও অবরোধ বন্ধ করার জন্য চাপ সৃষ্টির অংশ হিসেবে তারা ওই হামলা চালিয়েছিল।

রবিবার হামলার পরপরই হুতিরা পুনরায় জানিয়েছে, ইসরায়েলি আক্রমণের মুখে তারা ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকবে না।

হুতি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি এক বিবৃতিতে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন আমাদের গাজার প্রতি সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না। এর জন্য যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন তাতে আমরা দমে যাব না।

তিনি আরও বলেন, আমাদের কাছে বিষয়টি চূড়ান্ত— হয় জান্নাতে চিরস্থায়ী জীবন, নয়তো জাহান্নামে চিরস্থায়ী শাস্তি।