হুথিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

বৈশ্বিক বাণিজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের একটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছে সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী। এর ফলে এলাকাটির নিয়ন্ত্রণ নিয়েছে ইরানপন্থী হুথি বিদ্রোহীরা। রবিবার (১৫ নভেম্বর) ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স। 

বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকা থেকে সরকারি বাহিনীর সরে যাওয়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর হুথিদের প্রভাব আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এতে বৈশ্বিক জাহাজ চলাচলের ওপর চাপ সৃষ্টির নতুন সুযোগ তৈরি হয়েছে। আরব উপদ্বীপের অন্য প্রান্তে হরমুজ প্রণালিতে ইরানের অব্যাহত তৎপরতার মধ্যে এই পরিস্থিতি বৈশ্বিক নৌবাণিজ্যে নতুন সংকট তৈরি করতে পারে।

একই সঙ্গে পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির প্রধান নৌপথগুলো আরও ঝুঁকির মুখে পড়তে পারে। 

দক্ষিণ ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা রাজধানী এডেনের দিকে নিজেদের সেনা পুনর্বিন্যাস করছে। অন্যদিকে রাজধানী সানা ও জনবহুল উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রাখা হুথিরা দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতেও চাপ বাড়াচ্ছে।

দক্ষিণ ইয়েমেনের বাহিনী এক বিবৃতিতে জানায়, তাইজ প্রদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব সংলগ্ন এলাকা থেকে সেনা প্রত্যাহার করে পুনর্বিন্যাসের কার্যক্রম শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাজধানী এডেন ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, সম্মুখসারির প্রতিরক্ষা জোরদার এবং বিদ্যমান হুমকি মোকাবিলার বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে উপকূলীয় এলাকাগুলো হুথিদের কাছ থেকে পুনর্দখলে নিতে গত অক্টোবরে সামরিক অভিযান শুরু করেছিল সরকারি বাহিনী। গত সেপ্টেম্বরে পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে দক্ষিণ দিকে অগ্রসর হয়েছিল হুথিরা। তাদের দ্রুত অগ্রযাত্রায় বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি পৌঁছে যায় বিদ্রোহী গোষ্ঠীটি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত