৬৩ বছরের পুরনো স্মৃতি ফিরিয়ে জয় বার্সার

প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছিল বার্সেলোনা। তবে শুক্রবার রাতে লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে লেভান্তের মাঠে প্রথমার্ধে দুই গোল হজম করে কাতালানরা। বিরতির পর সমতায় ফেরে হানসি ফ্লিকের দল। তবু নির্ধারিত সময়ে শঙ্কা জাগছিল পয়েন্ট হারানোর। যোগ করা সময়ে আত্মঘাতী গোল বাঁচিয়ে দিয়েছে বার্সাকে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা।

বার্সার এমন জয় ক্লাবটির ইতিহাসে নজিরবিহীন। পরিসংখ্যান বলছে, লা লিগায় এর আগে অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থেকে বার্সেলোনা জিতেছিল মাত্র একবারই, ১৯৬২ সালে রিয়াল বেতিসের বিপক্ষে। সেবারও ব্যবধান ছিল একই। তবে এবার আত্মঘাতী গোলে। এই ম্যাচের আগে লা লিগার অ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা প্রথমার্ধের বিরতিতে ২ গোলে পিছিয়েছে ৯৯ বার। এর মধ্যে ৯২টিতেই হেরেছে, ড্র করেছে ৬টি।

পাল্টা আক্রমণে ম্যাচের ১৫ মিনিটে রোমেরো গোলে লিড পেয়ে যায় তিন বছর পর আবারও শীর্ষ লিগে ফেরা লেভান্তে। যোগ করা সময়ে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস মোরালেস। দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোল শোধ দেয় বার্সেলোনা। ৪৯ মিনিটে ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান পেদ্রি। ৫২ মিনিটে রাফিনহার কর্নার থেকে ভলিতে গোল করেন ফেরান তোরেস। পরে ৫৭, ৭০ ও ৭২ মিনিটে বার্সার তিনটি আক্রমণ রুখে দেন লেভান্তের গোলকিপার।  যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সে ক্রস দেন ইয়ামাল, হেডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান উনাই এগেজাবেল।