এমবাপ্পে-ভিনিসিউসের নৈপূণ্যে রিয়াল মাদ্রিদের দাপুটে জয়

স্প্যানিশ লা লিগায় রোববার ওভিয়েদোর মাঠে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলের জয় পেয়েছে। নতুন কোচ জাবি আলোনসো শুরুতে বেঞ্চে রেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রকে। তবে দ্বিতীয়ার্ধে নেমে তিনি গোল করলেন ও একটি অ্যাসিস্টও করেন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে করলেন দুটি গোল।

প্রথমার্ধের ৩৭ মিনিটে আরদা গুলারের দারুণ পাস থেকে নিয়ন্ত্রিত শটে মাদ্রিদকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধেই রিয়ালের ১৭টি শটের বিপরীতে স্বাগতিক নবাগত ওভিয়েদো নিতে পেরেছিল মাত্র একটি শট। ৬৩ মিনিটে রদ্রিগোর বদলি হয়ে নামেন ভিনিসিউস। ম্যাচের ৮৩ মিনিটে মাঝমাঠ থেকে বল কেড়ে এমবাপ্পেকে পাস দেন। বল জালে পাঠাতে ভুল করেননি ফরাসি তারকা।

যোগ করা সময়ে দ্রুত পাল্টা আক্রমণে নিজেও একটি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন ভিনিসিউস। দুই ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে শীর্ষে আছে জিরোনাকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ভিয়ারিয়াল। অন্য ম্যাচে ওসাসুনা ১-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়াকে এবং রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে পিছিয়ে থেকেও এস্পানিওলের বিপক্ষে ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে।