৫৩ কেজি গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জে মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের চারাভাঙা মোড়ে অভিযান চালিয়ে  র‌্যাব- ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সিপিসি ৩ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের আবু শামার ছেলে শাহাবুদ্দিন ও গোয়ালনগর গ্রামের শিরু মিয়ার ছেলে মুসা মিয়া।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে র‌্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে নিজেদের সংস্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলেও তিনি জানান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যাহ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।