টঙ্গী ও ঢাকার উত্তরা আব্দুল্লাহপুর সংযোগস্থল তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি সড়কের ফ্লাইওভার অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। আধা ঘন্টাব্যাপী চলা এ অবরোধের কারণে ফ্লাইওভারের উপর দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়।
সোমবার (২৫ আগস্ট) সকালে টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে অবরোধ করে মানববন্ধন করেন টঙ্গী বাজার, উত্তরার ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ। পরে বেলা ১১টায় অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা।
এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মুফতি মাসুদুল করিম, টঙ্গী বাজারের ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সাত্তার, নাসির উদ্দিন, বশির বেপারীসহ বাজারের কয়েকশ ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
টঙ্গী বাজারের ব্যবসায়ীরা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী টঙ্গী বাজার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। তুরাগ নদীর উপরে ব্রিজ না থাকার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সরকার হারাচ্ছে রাজস্ব। জনসাধারণের চলাচলও বিঘ্ন ঘটছে। তাই সরকারের কাছে টঙ্গী বাজার ও এলাকাবাসীর জোর দাবি- তুরাগ নদের উপর যেন দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণ করে।
বেলা ১১টায় উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার হোসেন খান বলেন, এটি সেতু বিভাগের কাজ। তারপরও আমরা বিষয়টি তাদেরকে অবহিত করব।
টঙ্গী বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, টঙ্গী বাজার এবং আব্দুল্লাহপুর উত্তরার মধ্যে সংযোগকারী বেইলি ব্রিজ নড়বড়ে হয়ে গিয়েছে। ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
এছাড়া নিচ দিয়ে কোন যানবাহন চলাচল না করায় টঙ্গী বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তুরাগ নদীর উপরে একটি স্থায়ী ব্রিজ খুব জরুরী হয়ে পড়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ১ মার্চ একই দাবিতে টঙ্গী বাজার এলাকায় বিআরটি ফ্লাইওভারের উপরে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা আধা ঘণ্টার মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।