বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনও কম্প্রোমাইজ করবো না।
আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা ও আইনজীবী হিসেবে আমার এ দেশে পূর্ণ মর্যাদায় বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমাকে হত্যা করতে স্লোগান দেওয়া হচ্ছে। এরা সবাই জামায়াতের লোক।
তিনি আরও বলেন, মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। হে বাংলাদেশের মানুষ, যে দেশের জন্য আমি ৫৪ বছর আগে যুদ্ধ করেছি, সেই দেশে কি অপমৃত্যু কাম্য?
তিনি বলেন, দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে।
ফজলুর রহমান বলেন, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপস করব না। ৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে আমি এমন বক্তব্য দিইনি। যদি থাকে তাহলে আপনারা প্রমাণ দেখান।
ফজলুর রহমান বলেন, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ থেকে জানতে পারি-আমার কিছু বক্তব্যের বিষয়ে দল জানতে চেয়েছে কেন এসব কথা বলেছি। সে উত্তর আমি নির্দিষ্ট সময়ে দলকে দেব। দল আমার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে আমি সেটা মেনে নেব।
