আদালত চত্বরে স্বামীর গলায় স্ত্রীর ছুরিকাঘাত

নোয়াখালীতে আদালতের বারান্দায় স্বামীর গলায় স্ত্রীর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর গলায় ছুরিকাঘাতের অভিযোগে তার স্ত্রী সুলতানা সিদ্দিককে পুলিশ হেফাজতে নিয়েছে সুধারাম মডেল থানা পুলিশ। 

সোমবার (২৫ আগস্ট)  দুপুরে নোয়াখালী জজকোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী মহসিন উদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহসিন উদ্দিনের বাড়ি কুতুবপুর গ্রামের খোনার বাড়িতে। তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে করা একটি চেক ডিজঅনার মামলার শুনানিতে তিনি কোর্টে এসেছিলেন। এ সময় কোর্টের বারান্দায় তার স্ত্রী সুলতানা সিদ্দিক তার গলায় ছুরি চালান। স্থানীয়রা দ্রুত মহসিন উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

মহসিন উদ্দিন জানান, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। পারিবারিক কলহের জের ধরেই তার স্ত্রী এই হামলা চালিয়েছে। 

সুধরাম মডেল থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান , ঘটনার পর পরই ভিকটিমের স্ত্রী সুলতানা সিদ্দিককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় সুলতানার স্বামী বা কারো কাছ থেকে কোন অভিযোগ করা হয়নি।