কীভাবে দুর্নীতি থেকে মুক্ত হওয়া যায়, সেটাই এখন ভাবার সময়: শারমীন এস মুরশিদ

সোমবার দুপুরে বগুড়ায় উদ্বোধন হলো ‘ইনসিওরিং সিটিজেনস রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস থ্রু অ্যান ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু স্ট্রেনদেন ক্যাপাসিটি অব জেন্ডার অ্যাকটিভিটিস, সিএসও’স অ্যান্ড সিবিওস’ (লাইট হাউস-নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প)।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এনজিও খাতের ভেতরে নানা অনিয়ম আছে। সেখান থেকে বেরিয়ে আমাদের ভালো জায়গায় পৌঁছাতে হবে। কীভাবে দুর্নীতি থেকে মুক্ত হওয়া যায়, সেটাই এখন ভাবার সময়। সরকারি পর্যায়ে অনেক কিছু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন প্রয়োজন যোগ্য মানুষ ও যোগ্য প্রতিষ্ঠানকে সামনে আনা। যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে।’

তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় বসতে আসিনি, এসেছি দায়িত্ব পালনের জন্য। এ দায়িত্ব সাময়িক—আজ আছি, কাল নাও থাকতে পারি। তবে বিদায় নেবো মাথা উঁচু করে, যেন দেশবাসী বুঝতে পারে—আমরা আপ্রাণ চেষ্টা করেছি। দেশের সীমাবদ্ধতা অনেক। ষোল বছরের অপশাসন কি এক বছরের মধ্যেই কাটিয়ে ওঠা সম্ভব? মানুষ অনেক প্রত্যাশা করে, তবে আমাদের ধৈর্য ধরতে হবে।”

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মুসা, লাইট হাউস বগুড়ার নির্বাহী পরিচালক হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা।