জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট জমাকৃত দুই শত ছিয়াত্তরটি মনোনয়নপত্রের মধ্যে বিশটি বাতিল করা হয়েছে।
আজ সোমবার (পঁচিশ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে বিশজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে সতেরজন, সহ-সাধারণ সম্পাদক (নারী) পদে নয়জন, সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে একুশজন প্রার্থীর নাম খসড়া তালিকায় রয়েছে।
এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তেরজন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে তেরজন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে নয়জন, সাংস্কৃতিক সম্পাদক পদে নয়জন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে এগারজন, নাট্য সম্পাদক পদে সাতজন, ক্রীড়া সম্পাদক পদে পাঁচজন, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে ছয়জন, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে ছয়জন, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে চৌদ্দজন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে চৌদ্দজন, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) পদে পাঁচজন এবং সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) পদে নয়জন মনোনয়ন জমা দিয়েছেন। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে বারোজন এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সাতজন রয়েছেন।
কার্যকরী সদস্য পদে নারীদের জন্য নির্ধারিত তিনটি আসনের বিপরীতে সতেরজন এবং পুরুষদের জন্য নির্ধারিত তিনটি আসনের বিপরীতে বত্রিশজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়নপত্র বাতিলের কারণ জানাতে গিয়ে অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমাদের কাছে মোট দুই শত ছিয়াত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিশটি বাতিল করা হয়েছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে কারও কারও পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় তারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন।
এছাড়া রেজিস্ট্রেশন নম্বরসহ বিভিন্ন ভ্রান্ত তথ্য থাকায় কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে।