সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জুলাই মাসে আদা আমদানি আগের তুলনায় দশগুণের বেশি বেড়েছে।
দেশের বাজারে চাহিদা বৃদ্ধির কারণে মসলাজাতীয় এ পণ্যের আমদানি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এ স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে চার হাজার সাতশ তিন টন আদা, যার মূল্য সাতান্ন কোটি দুই লাখ টাকা।
অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মাত্র চারশ আটাশি টন আদা আমদানি হয়েছিল, যার মূল্য ছিল পাঁচ কোটি চুরাশি লাখ টাকা। এ হিসাবে চলতি অর্থবছরের প্রথম মাসে আদা আমদানি বেড়েছে চার হাজার দুই শত পনের টন।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, “বাজারে যেকোনো পণ্যের সরবরাহ বেড়ে গেলে স্বাভাবিকভাবেই দাম কমে আসে। সম্প্রতি ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় আদার দামও কমে এসেছে।”
ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স দীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকুমার দাস বাচ্চু জানান, বাজারে চাহিদা বেশি থাকায় তার প্রতিষ্ঠানেও আদা আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে।
আমদানি বৃদ্ধির প্রভাব পড়েছে সাতক্ষীরার স্থানীয় বাজারেও। এক সপ্তাহের ব্যবধানে আদার দাম কমেছে কেজিতে পঞ্চাশ টাকা পর্যন্ত।
গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা মসলা দোকান মেসার্স সরদার স্টোরে প্রতি কেজি আদা বিক্রি হয়েছে একশ ত্রিশ টাকা দরে, যা এক সপ্তাহ আগেও ছিল একশ আশি থেকে একশ নব্বই টাকা।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম বলেন, “বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম স্বাভাবিকভাবেই কমেছে।”