শচিন টেন্ডুলকার সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার যুক্তরাষ্ট্রের অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এবং ফোরাম রেডিটে 'আস্ক মি অ্যানিথিং' নামে একটি সেশনের আয়োজন করেছিলেন। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন শচিন। এক ভক্ত শচিনের কাছে জানতে চান, ক্রিকেটের কোন নিয়মটি তিনি পাল্টাতে চান?
উত্তরে শচিন বলেন, 'আম্পায়ার্স কল নিয়ে ডিআরএস নিয়মটি আমি পাল্টাতাম। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়েই খেলোয়াড়েরা তৃতীয় আম্পায়ারের কাছে যায়। এরপর আবারও সিদ্ধান্ত দিতে আম্পায়ার্স কলে ফেরার কোনো মানে হয় না। খেলোয়াড়দের যেমন বাজে সময় কাটে, তেমনি আম্পায়াররাও এমন সময়ের ভেতর দিয়ে যান। প্রযুক্তি নিখুঁত না হলে সব সময়ই ভুল করবে।'
মজার এ সেশনে আরেক ভক্ত জানতে চান, শচিনের খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন দলের বোলিং বেশি ভালো ছিল? শচিন উত্তরে মজা করে পাল্টা প্রশ্ন করে বলেন, 'কেন? আপনি কি তাদের মুখোমুখি হতে চান?'
ভালো বোলারদের বিপক্ষে ঝুঁকিপূর্ণ শট খেলার বিষয়ে শচিন বলেন, 'হ্যাঁ, বোলারের ছন্দ নষ্ট করতে অনেকবারই আমি ঝুঁকিপূর্ণ শট খেলেছি। এখন যেমন মনে পড়ছে, ২০০০ সালে নাইরোবিতে ম্যাকগ্রার বিপক্ষে।'
আরেক ভক্তের কান্ডে তো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়েছে। আসলেই শচিনকে প্রশ্ন করছেন কিনা তাই জানতে চান তিনি। উত্তরে শচিন বলেন, 'আধার কার্ড পাঠিয়ে দেব কি?' এমন আরও নানা প্রশ্নের উত্তর দেন শচিন।