রাজধানীর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছেন। তাদের দাবি, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। 

এই অবরোধের কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ চরম ভোগান্তি পড়েছেন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, অধ্যাপক ডা. এ কে আজাদ খান একদিকে স্বাস্থ্য সংস্কার কমিশনের দায়িত্বে, অন্যদিকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ায় প্রতিষ্ঠানটি কার্যত অচলাবস্থায় পড়েছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় একাডেমিক কার্যক্রমও হুমকির মুখে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, টানা দুই দিন মানববন্ধন করার পরও কোনো সাড়া না মেলায় সড়কে নেমে আসতে বাধ্য হয়েছেন তারা।