পঞ্চগড়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চারজন দালালকে আটক করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দিনব্যাপী চলা এ অভিযানে অফিসের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-কোরবান আলী, আব্দুল কাদের, হাসিনুর রহমান ও সলেমান আলী।
দুর্নীতি দমন কমিশন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে ভূমি সেবাগ্রহীতাদের দালাল চক্রটি দ্রুত কাজ করে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিয়ে নানাভাবে প্রতারণা ও হয়রানি করছে এমন সংবাদ পাই। পরে আমরা সোমবার সকাল থেকে ছদ্মবেশে অভিযান পরিচালনা করি। একপর্যায়ে ঘটনার সত্যতা মেলায় চারজন দালালকে আটক করি। এ ঘটনায় প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া জনস্বার্থে আগামীতেও আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
