পলাশবাড়ীতে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তাললিমা আকতার (১২) ওই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তাসলিমার চাচাতো ভাই নাজমুল মিয়া বলেন, সোমবার বাড়িতে কয়েক জন আত্নীয় আসলে তাদের সঙ্গে ঘুরতে যায় তাসলিমা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার পথে তাসলিমাকে সাপে কামড় দেয়। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. সালাউদ্দীন আহমেদ খান বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।