পিঠের চোটে অন্তত ৩ মাসের জন্য মাঠের বাইরে ও'রুরকে

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর দ্রুতই নিউজিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিলেন উইল ও'রুরকে। তবে চোটের থাবায় অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়লেন এই কিউই পেসার। আরও বড় শঙ্কার কারণ, তার এই চোট পিঠের নিচের দিকের স্ট্রেস ফ্র্যাকচার।

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে পিঠে জড়তা অনুভব করেন ও’রুরকে। দেশে ফেরার পর পরীক্ষা করিয়ে তার স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ে। এ ধরনের চোট অনেক পেসারকেই দুর্ভোগে ফেলেছে নানা ভাবে। তিন মাসের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং শেষে শরীরের অবস্থা বুঝে ও'রুরকের ফেরার সিদ্ধান্ত হবে। সামনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না ও'রুরকে।

কোচ রব ওয়াল্টার বলেন, 'এই মুহূর্তে উইলের (ও'রুরক) প্রতি আমরা সমব্যথী ও তার দ্রুত সুস্থতা কামনা করছি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা এত দারুণ করেছে সে, এরপর এমন চোট স্বাভাবিকভাবেই খুব হতাশার। তবে সে দৃঢ় মানসিকতার ছেলে এবং পরিশ্রম করে আরও ভালোভাবে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ।'

এখন পর্যন্ত ১১ টেস্টে ও'রুরকের শিকার ৩৯ উইকেট, ১৭ ওয়ানডেতে ২২, আর ৭ টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চয়তা আছে মিচেল স্যান্টনারকে পাওয়া নিয়েও। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকে কুঁচকিতে ব্যথা নিয়ে ফিরেছেন কিউইদের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক। তবে সুখবর, চোট কাটিয়ে ফিট হয়ে উঠেছেন পেসার বেন সিয়ার্স।