জাহানারা ভূঁইয়া মারা গেছেন

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভোগার পর শেষমেশ চলেই গেলেন চলচ্চিত্র অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা জাহানারা ভূঁইয়া। সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এ ব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

পারিবারিক সূত্রে জানা গেছে, ডায়াবেটিসের কারণে জাহানারা ভূঁইয়ার দুটি কিডনিই অচল হয়ে যায়। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। সপ্তাহে তিন দিন নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি। 

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গীতিকার, প্রযোজক ও নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন জাহানারা ভূঁইয়া। চলচ্চিত্রে তার যাত্রা শুরু গীতিকার হিসেবে। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ ছবিতে প্রথম গান লেখেন তিনি। 

আশির দশকে ‘সৎমা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রাভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন। এরপর শতাধিক ছবিতে অভিনয় করেন। পরিচালনাও করেছেন কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে ‘সিঁদুর নিও না মুছে’ তাঁর পরিচালিত উল্লেখযোগ্য কাজ।