গাইবান্ধায় শতবর্ষী নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কর্তৃপক্ষের দাবি, আগুনে পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে জেলা শহরের ডিবি রোডস্থ গানাসাসের নিজস্ব কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সেক্রেটারি হানিফ বেলাল জানান, খুব ভোরে স্থানীয় লোকজন ধোয়া দেখতে পান। তাৎক্ষণিক কার্যালয়ে এসে দেখি একটি কক্ষের ভেতরে আগুণ জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।
সংস্থাটির সদস্য সচিব শাওণ আহমেদের দাবি, আগুনে ভস্মীভূত কক্ষটিতে অনেক কাগজপত্র ছিল, আলমারির ভেতরে সাড়ে চার লাখ টাকার পে-অডার চেক ছিল। এছাড়া একটি আইপিএস, আলমারি, মাক্সার মেশিন, সাউন্ড সিস্টেম হেড, প্ল্যাস্টিক কয়েকটি চেয়ার, টেবিলসহ কার্যালয়ের নথিপত্র পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে রেকর্ড করা হয়েছে।