মাদারীপুরে রাতের আঁধারে বসতঘরে দুর্বৃত্তের হামলা 

মাদারীপুরে রাতের আধারে বসতঘরে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে মাদারীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের এইচ এম আতিকুর রহমান বাবুর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মাদারীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের শামসুন্নাহার স্কুল সংলগ্ন প্রতিবন্ধী স্কুলের পাশে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন এইচ এম আতিকুর রহমান বাবু। মঙ্গলবার ভোররাতে তার বসতবাড়িতে ৩০ থেকে ৪০ জন মিলে হামলা চালিয়ে থাই গ্লাস, দেয়াল ও তালা ভেঙ্গে বাড়িতে লুটপাট করার চেষ্টা করে। তখন বাড়িতে পুরুষ শূন্য থাকায় আতিকুর রহমান বাবুর মা, স্ত্রী ও দুই সন্তান বাসায় ছিল। হামলার ঘটনায় তাৎক্ষণিক বাবুর স্ত্রী রুনিয়া আক্তার পুলিশের হট লাইন নাম্বার ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  

বাবুর স্ত্রী রুনিয়া আক্তার বলেন, আমরা প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে শুয়ে পরি। বাড়িতে তখন আমার শাশুড়ি আমি এবং আমার দুই ছেলে মেয়ে ছিলাম। আনুমানিক রাত ৪টার সময় ৩০ থেকে ৪০ জনের মতন দুর্বৃত্তরা আমার বাড়িতে হামলা চালিয়ে আমাদের বাড়ির থাই গ্লাস, দেয়াল, তালা ভেঙ্গে আমার ঘরে লুটপাট করার চেষ্টা করে আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।