খুলনায় নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

খুলনায় নদী থেকে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির (৪৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদীর ১০ গেট সংলগ্ন তেঁতুলতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ব্যক্তির মাথায়, ডান হাতের কনুই ও ডান পায়ের হাঁটুর ওপর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। 

স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ২টার দিকে কাজীবাছা নদীর ১০ গেট সংলগ্ন তেঁতুলতলা এলাকায় একটি ভরা ভাসমান বস্তা দেখে তাদের সন্দেহ হয়। এ সময় ভাসমান বস্তার বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে বটিয়াঘাটা থানায় জানানো হয়। বটিয়াঘাটা থানা বিষয়টি নৌ–পুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা ১০ গেট সংলগ্ন তেঁতুলতলা এলাকায় বস্তাবন্দি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে বিষয়টি নৌ পুলিশকে অবহিত করা হয়। 

তিনি বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি গলাকাটা ছিল।

নৌ–পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে দুপুর ৩টা ৫ মিনিটের সময় বস্তাবন্দি একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া তার মাথায়, ডান হাতের কনুই ও ডান পায়ের হাঁটুর ওপর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পানিতে ডুবে থাকার কারণে মরদেহটি ফুলে গেছে। তার শরীরের টিস্যু নষ্ট হয়ে গেছে। তবে বিকাল ৫টা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, পুলিশ, পিবিআই ও সিআইডি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।