নেত্রকোনার কলমাকান্দায় খালের পানিতে ডুবে মোস্তফা নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু গ্রামের জহিরুল ইসলাম ও সালমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির ভেতরে মা কাজে ছিলেন, আর বাবা বাইরে ছিলেন। এ সময় খেলতে থাকা শিশু মোস্তফা হঠাৎ খেলার ফাঁকে বাড়ির পূর্ব পাশে খালে পড়ে যায়। অনেকক্ষণ শিশুকে চোখের সামনে না পেয়ে মনে হওয়ার সাথে সাথেই খোঁজাখুঁজির পর এক পর্যায়ে শিশুটির বাবা জহিরুল ইসলাম নিজেই বাড়ির সামনে খালে ভাসমান অবস্থায় শিশুকে পান।
দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরার হোসাইন লিংকন শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।