মুফতি রেজাউল করিম

পিআর পদ্ধতি সবার জন্য কল্যাণকর, ফ্যাসিস্ট হবে না

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে। ফ্যাসিস্ট হবে না, দেশটা সোনার দেশ হবে ও প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে।

এর মাধ্যমে আমাদের দেশটা একটা সুন্দর দেশ হবে আর দুর্নীতিবাজ, খুনি ও চাঁদাবাজ তৈরি হবে না বলেও মনে করেন ইসলামী আন্দোলনের আমির।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার উদ্যোগে যুব সমাবেশে এসে এসব কথা বলেন তিনি।

মুফতি রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতিটাই সবার জন্য কল্যাণকর। এজন্যই আমরা জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে দাবি করেছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) এসএম আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি এসএম আহসান হাবীব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিল প্রমুখ।

এসময় জেলা, উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যান্য বক্তারা জুলাই চেতনা বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়াতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন ছাড়া নির্বাচন না হওয়ার দাবি জানান।