মেসিদের ম্যাচের টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার!

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ হোম ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর বুয়েনস আইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে। এই ম্যাচ ঘিরে বিপুল আগ্রহের মধ্যে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টিকিটের দাম ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গতকাল মঙ্গলবার থেকে শুধু আমেরিকান এক্সপ্রেস গ্রাহকদের জন্য টিকিটের প্রি–সেল শুরু হয়েছে। আজ ২৭ আগস্ট থেকে টিকিট উন্মুক্ত করা হবে সাধারণ দর্শকদের জন্য। দলের সাম্প্রতিক সাফল্য এবং লিওনেল মেসির ফেরার সম্ভাবনায় টিকিটের চাহিদা আকাশচুম্বী। সাধারণ গ্যালারির টিকিটের দাম হবে ৯০ হাজার পেসো। একই গ্যালারিতে শিশুদের টিকিটের দাম ২৯ হাজার পেসো।

অন্যান্য ক্যাটাগরিরর টিকিটের মধ্যে সিভোরি ও সেন্টেনারিও উচ্চ গ্যালারি ১ লাখ ৫৮ হাজার পেসো, সিভোরি ও সেন্টেনারিও মধ্য গ্যালারি ৩ লাখ ২০ হাজার পেসো, সান মার্তিন ও বেলগ্রানো উচ্চ গ্যালারি ২ লাখ ৬০ হাজার পেসো, একই অংশের নিচের সারি ৪ লাখ ৫০ হাজার পেসো। সবচেয়ে দামী, সান মার্তিন ও বেলগ্রানো মধ্য গ্যালারির টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার পেসো, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ হাজার টাকার মতো।

বাছাইপর্বে আর্জেন্টিনা বর্তমানে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ভেনেজুয়েলা আছে সপ্তম স্থানে, যা রিপ্লে–অফের জায়গা। লিওনেল স্কালোনির ঘোষিত প্রাথমিক দলে মেসি ও মার্কোস আকুনিয়ার ফেরাটা সমর্থকদের উত্তেজনা আরও বাড়িয়েছে। এছাড়া নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অ্যালান বারেলা, ভ্যালেন্টিন কার্বোনি, এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানুয়ো, জুলিও সোলের ও হোসে মানুয়েল লোপেস।