হঠাৎ আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

ভারতের অভিজ্ঞ স্পিন তারকা হুট করেই আইপিএলে আর খেলবেন না বলে ঘোষণা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ এই সিদ্ধান্ত জানিয়ে বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার ইঙ্গিত দিয়েছেন। ভারতীয় ক্রিকেটারদের আইপিএলের বাইরে অন্য কোনো দেশের লিগে বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ নেই।

আইপিএল ইতিহাসে পঞ্চম সর্বচ্চ উইকেটশিকারী অশ্বিন সোশ্যাল অ্যাকাউন্টে লিখেছেন, ‘বলা হয় প্রতিটি সমাপ্তির সঙ্গে নতুন শুরু থাকে। আজ আমার আইপিএল ক্রিকেটার হিসেবে পথচলা শেষ হলো, তবে আজই শুরু হলো বিভিন্ন লিগে খেলার মাধ্যমে খেলার নতুন দিগন্ত অন্বেষণের যাত্রা।’

৩৮ বছর বয়সী এই অফস্পিনার ২০০৯ সালে চেন্নাইয়ের জার্সিতেই আইপিএলে পা রেখেছিলেন। মাঝে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে খেললেও সেই চেন্নাইয়ের জার্সিতেই তার বিদায় ঘটল। চলতি মৌসুমে চেন্নাই তাকে ৯.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছিল। কিন্তু ৯ ম্যাচে শিকার করেন মাত্র ৭ উইকেট। চলতি মাসের শুরুর দিকে ‘ক্রিকবাজ’ জানিয়েছিল, চেন্নাই কর্তৃপক্ষ আর অশ্বিনকে ধরে রাখতে চাইছে না।

আইপিএলে মোট ২২১ ম্যাচে ১৮৭ উইকেট শিকার করেছেন অশ্বিন। ২০১০ ও ২০১১ সালে চেন্নাইয়ের শিরোপা জয়ে তার বড় অবদান ছিল। ওই দুই আসরে তিনি যথাক্রমে ১৩ ও ২০ টি করে উইকেট নেন। ২০১০ সালে চেন্নাইয়ের চ্যাম্পিয়ন্স লিগ টি–টোয়েন্টিতেও তিনি হয়েছিলেন সিরিজ সেরা। পরবর্তীতে তিনি খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্ট, পাঞ্জাব কিংস (যেখানে তিনি অধিনায়কও ছিলেন), দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসে।

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে মোটা ৯০ উইকেট শিকার করেছেন অশ্বিন। ২০১৬ সালে চেন্নাইয়ের নিষেধাজ্ঞার সময় তিনি মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পুনের হয়ে খেলেন। ২০১৭ মৌসুমে চোটের কারণে খেলতে পারেননি। ২০১৮ সালের নিলামে রাজস্থানের সঙ্গে লড়াই করে ৭.৬০ কোটিতে তাকে দলে নেয় পাঞ্জাব কিংস। অধিনায়ক হিসেবে দুই মৌসুমে ২৫ উইকেট নিলেও অশ্বিনের দল প্লে অফে যেতে পারেনি।

২০২০ মৌসুমের আগে তিনি দিল্লি ক্যাপিটালসে যোগ দেন এবং সেখানে খেলেন দুই বছর। ২০২২ সালের মেগা নিলামে তাকে ৫ কোটি রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। সেখানে তিনি যুজবেন্দ্র চাহালের সঙ্গে দুর্ধর্ষ স্পিন আক্রমণ গড়ে তোলেন। প্রথম দুই মৌসুমে যথাক্রমে ১২ ও ১৪ উইকেট নিলেও ২০২৪ মৌসুমে ৮.৪৯ ইকনোমিতে নেন ৯ উইকেট। এরপর রাজস্থান তাকে ছেড়ে দেয় এবং চেন্নাই আবারও মোটা অঙ্কে তাকে দলে ভেড়ায়।