দাউদকান্দির গৌরীপুর বাজারের যানজট নিরসনে সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) দুপুরে গৌরীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তার।
সাম্প্রতিক সময়ে গৌরীপুর বাজারের যানজটে নাকাল হয়ে পড়েছে সড়কে চলাচলকারী পথচারী, যাত্রী ও বাজারের ব্যবসায়ী। এ যানজটের কারণে ক্ষতির মুখে স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে গৌরীপুর বাজারের গোমতী ব্রিজ পর্যন্ত প্রতিদিনই এখানে ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী ও পথচারীদের। এ নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা একাধিক প্রতিবেদনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেছেন।
গতকাল (মঙ্গলবার) উপজেলা পরিষদের মাসিক সভায় ভোগান্তির বিষয়টি আলোচনায় উঠে আসে। তাই আজ দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌরীপুর বাজারে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। এসময় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়শা আক্তারসহ স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
এদিকে অভিযান পরিচালনাকালীন সময়ে অর্থাৎ প্রশাসনের লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যতক্ষণ বাজারে থাকছেন ততক্ষণ যানজটমুক্ত ও সড়ক দখলমুক্ত থাকছে। কর্মকর্তারা চলে গেলে আবারো পূর্বের অবস্থায় ফিরে আসে ফুটপাতের হকাররা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন আক্তার বলেন, যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।