থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ বুধবার বাংলাদেশ ৪-১ গোলে হারিয়েছে নেপালকে। হ্যাটট্রিক করেছেন সৌরভী আকন্দ প্রীতি। বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল।
গেল রবিবার নেপালের বিপক্ষেই বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৩-০ তে।
প্রথমার্ধের শেষ ৮ মিনিটে হয়েছে তিন গোল। ৩৭ মিনিটে থুইনুই মারমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৩ মিনিটে গোল করেন প্রীতি। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে গোলের দেখা পায় নেপাল।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দুটি গোলই করেন প্রীতি। ৭১ মিনিটে মামোনি চাকমার কর্ণার থেকে গোল করেন প্রীতি। ম্যাচের ৮০ মিনিট পর শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির মধ্যেই ৮৬ মিনিটে পুর্ণিমার মারমার পাস থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন প্রীতি। চলতি সাফ টুর্নামেন্টে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।
চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের। তাদের পরবর্তী ম্যাচ শুক্রবার ভুটানের বিপক্ষে। ৩ ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া ভারতের আজ খেলা ভুটানের সঙ্গে।
আজ ম্যাচ শুরুর আগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ধাক্কা খেতে হয় আয়োজকদের! হ্যাকিংয়ের শিকার হয়েছিল টুর্নামেন্টের স্ট্রিমিং পার্টনার স্পোর্টজওয়ার্কজ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল! তবে পরে সাফ তাদের অফিসিয়াল চ্যানেলে ম্যাচ শুরুর ২৪ মিনিট পর থেকে সরাসরি সম্প্রচার শুরু করে।