শিবালয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালিয়া শ্মশান ঘাটের কাছে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আল আমিন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আল আমিন শিবালয় নতুনপাড়া গ্রামের লোকমান মিয়ার পুত্র। 

হাইওয়ে পুলিশ জানায়, ওই সময় বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা রাজিব ও শাহাদাত হোসেন আহত হয়ে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালাতক রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।