চট্টগ্রামে আঞ্চলিক টি২০ টুর্নামেন্ট শুরু আজ

সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের উদ্যোগে চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে আজ থেকে শুরু হচ্ছে আঞ্চলিক টি- টোয়েন্টি টুর্নামেন্ট। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে একটি করে দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আসরের উদ্বোধন করবেন। টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত আছেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারি খান রুবেল। দেশ রূপান্তরকে রুবেল জানিয়েছেন, ‘চট্টগ্রাম বিভাগের ১১ জেলার দল খেলবে এই আসরে। জাতীয় দলের বাইরে থাকা এই সব জেলার যেসব খেলোয়াড় অ্যাভেইলেবল আছেন সবাই অংশ নেবেন। ইয়াসির রাব্বি, নাঈম হাসানরা অস্ট্রেলিয়া থেকে এসে অংশ নেবেন এই টুর্নামেন্টে। তামিম ইকবাল এখনো তার নাম নিবন্ধন করেননি খেলার জন্য’। রুবেল আরও জানিয়েছেন প্রথম সপ্তাহে শুধু সাগরিকা’র স্টেডিয়ামেই হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। পরের সপ্তাহ থেকে এম এ আজিজ স্টেডিয়াম ও সাগরিকা (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান) দুই জায়গাতেই খেলা চলবে। টুর্নামেন্টের ২ সেমিফাইনাল হবে ৮ সেপ্টেম্বর ও ফাইনাল ৯ সেপ্টেম্বর। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে, প্রথমটি শুরু হবে সকাল সাড়ে ৯টায় আর দ্বিতীয়টি ১:৩০ মিনিটে। টুর্নামেন্টে জয়ী দল পাবে ১ লাখ টাকা। এই প্রসঙ্গে রুবেল জানিয়েছেন, ‘এই টুর্নামেন্টটা মূলত করা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, এখানে তাই প্রাইজমানি খুব বেশি নয়। খেলোয়াড়দের আবাসন এবং দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা দেওয়া হচ্ছে।’ আসরের পৃষ্ঠপোষকতা করছে ইস্পাহানি, এবি ব্যাংক, ফর্টিস গ্রুপ, ক্লিফটন গ্রুপ, কন্টিনেন্টাল গ্রুপ ও এশিয়ান গ্রুপ।