পঞ্চগড়ের বোদায় পরিত্যক্ত ডোবা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের বলরামহাট এলাকায় বানিয়াপাড়া গ্রামে জনৈক এনামুল কবিরাজের পরিত্যক্ত ডোবা থেকে মুখ বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তি চন্দনবাড়ী ইউনিয়নে বানিয়াপাড়া গ্রামের ছাবিরুল ইসলামের পুত্র সোহেল ইসলাম (৩২) বলে জানা যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে স্থানীয়রা জনৈক এনামুল কবিরাজের পরিত্যক্ত ডোবায় ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল করার পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পাঠায়।
পুলিশ সূত্রে জানা যায়, ডোবা থেকে উদ্ধার করা ওই ব্যক্তির মরদেহ মুখ বাধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে মরদেহ পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন থেকে তাদের নিজেদের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। তবে জমি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি পুলিশ।