রাশিয়ার ৬০০ ড্রোন ও ৩১ মিসাইল হামলায় বিধ্বস্ত ইউক্রেন, নিহত ১৫

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম

ইউক্রেনজুড়ে ব্যাপকভাবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোরের এ হামলাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কূটনৈতিক সমাধান প্রচেষ্টার জবাবে মস্কোর ‘সহিংস বার্তা’ বলে আখ্যা দিয়েছেন।

ভোরের আলো ফুটতেই কিয়েভের পূর্বাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে থেকে মরদেহ উদ্ধার শুরু করে উদ্ধারকারীরা। রয়টার্সের একজন সংবাদদাতা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে অন্তত দুটি মরদেহ বের করে আনা হয়েছে।

কিয়েভ শহরের সাতটি জেলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়নের মিশন অফিস এবং ব্রিটিশ কাউন্সিলের ভবনও রয়েছে। হামলায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন।

রাশিয়া বলেছে তারা সামরিক স্থাপনায় আঘাত করেছে। তবে, ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় বহু বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। কিয়েভে হামলার সময় রাতের আকাশে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ার কুন্ডলি দেখা গেছে। ড্রোনের গুঞ্জন শোনা গেছে শহরের ওপর।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো একে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ হামলা হিসেবে বর্ণনা করেছেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেছেন, ‘রাশিয়া আলোচনার টেবিলের বদলে ব্যালিস্টিক মিসাইল বেছে নিয়েছে। তারা যুদ্ধ বন্ধ না করে হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প ও বিমানঘাঁটিতে হামলা করেছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘রাশিয়ার এই রাতের হত্যাযজ্ঞে আমরা মর্মাহত। ইউরোপীয় ইউনিয়ন মিশনের ভবনে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে। আমাদের কর্মীদের প্রতি সহানুভূতি জানাই। ইউরোপ ভয় পায় না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক্স-এ লেখেন, ‘এই অযৌক্তিক হামলায় শিশু ও বেসামরিক লোকজন নিহত হচ্ছে। ব্রিটিশ কাউন্সিলের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুতিন শান্তির আশাকে ধ্বংস করছেন।’

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, দেশজুড়ে রাশিয়া প্রায় ৬০০ ড্রোন ও ৩১টি মিসাইল ছুঁড়েছে, যার মধ্যে ২৬টি মিসাইল এবং ৫৬৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ভিনিতসিয়া অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশনে হামলায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। শীত আসার আগেই রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের ছোড়া ১০২টি ড্রোন ধ্বংস করেছে। একইসঙ্গে ইউক্রেনের ড্রোন বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার আফিপস্কি ও কুয়িবিশেভস্কি তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত