কুমিল্লায় লরির ধাক্কায় প্রবাসী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ থানার সামনে লরির ধাক্কায় আবুল হাসান (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করলে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশে সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবুল হাসান সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর লুইপুরা এলাকার বাসিন্দা কালন মিয়ার ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

এই দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী লেনে অনন্ত ১৫ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউটার্নটি অত্যন্ত অপ্রশস্ত ও ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পুরনো নূরজাহান হোটেলের সামনের ইউটার্নটি খুলে দেওয়ার। তা না করে প্রশাসন দুর্ঘটনাপ্রবণ আরেকটি ইউটার্ন চালু করেছে, যার ফলে আবারও প্রাণ গেল। 

এ বিষয়ে নূর মোহাম্মদ মজুমদার নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, পরিকল্পনা ছাড়া করা এই ইউটার্নের কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত শুক্রবার (২২ আগস্ট) এখানে লরির চাপায় চারজন মারা যান। আজ সদর দক্ষিণ উপজেলার সামনে নতুন ইউটার্নে আবার একজনের মৃত্যু হলো। প্রশাসনের উচিত দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে দ্রুতগতির একটি লরি আবুল হাসানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়কে মরদেহ রেখে অবরোধ শুরু করেন। 

তিনি আরও বলেন, আগের দুর্ঘটনার পর পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নটি বন্ধ করে সদর দক্ষিণ থানার সামনে ইউটার্ন চালু করা হয়েছিল। কিন্তু সেখানেও আজ প্রাণহানি ঘটল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।