কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে আটক ৫৪৪

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও নাশকতা প্রতিরোধে ৭২ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৫৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের ১০৭ জন সদস্য রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেলার সব থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ জানায়, আটক ৫৪৪ জনের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গুরুতর অভিযোগ না থাকায় বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং পড়ার টেবিলে ফিরে আসে, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান চালানো হচ্ছে। তবে অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ, চুরি-ছিনতাই ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত