বগুড়ায় স্কুলব্যাগে মিলল ৭ লাখ টাকার জাল নোট

বগুড়ায় স্কুলব্যাগে ৭ লাখ টাকার জাল নোটসহ রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

এর আগে গত বুধবার রাত আড়াইটার দিকে জেলার শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি স্কুলব্যাগে রাখা ৫০০ টাকার ১ হাজার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।