চট্টগ্রামের বাঁশখালীতে বনবিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বাঁশখালী থানায় লিখিত এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পুইছড়ির মাস্টার নজির আহামদ কলেজের সামনে পি এ বি সড়কে স্থানীয় মোহাম্মদ বাবুল (৪০) নেতৃত্বাধীন কয়েকজন সরকারি বনের গাছ কেটে নসিমন গাড়িতে পরিবহন তোলেন। এ সময় বন কর্মকর্তারা পেয়ে সেখানে গেলে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
অভিযোগে অঞ্জন কান্তি বিশ্বাস উল্লেখ করেন, আসামিরা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বারবার আঘাত করে তাকে গুরুতর আহত করে। এতে তার দুই হাতে হাড় ভাঙা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই সঙ্গে তার কাছ থেকে নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক্স-রে করার পর তার গুরুতর আঘাতের প্রমাণ মেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বনবিভাগের লোকজন অভিযোগ করেন, অভিযুক্ত মোহাম্মদ বাবুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। দীর্ঘদিন ধরে তিনি সরকারি বন থেকে মূল্যবান গাছ কেটে বিক্রি করছেন এবং প্রভাব খাটিয়ে বনের জমি দখল করে রেখেছেন।
ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার বলেন, উপজেলার পুইছড়িতে বনবিভাগের নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাসের ওপর হামলার বিষয়ে অবগত আছি। লিখিত এজাহার পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।