আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘বৃহত্তর সুন্নি জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে শনিবার (৩০ আগস্ট)। এদিন সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের ঘোষণা দেওয়া হবে।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানায়, নির্বাচন কমিশনের নিবন্ধিত তিনটি রাজনৈতিক দল সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মোজাদ্দেদীর নেতৃত্বাধীন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, মাওলানা এম এ মতিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও সৈয়দ সাইফুদ্দিন আল হাসানির নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি মিলে এই জোট গঠন করছে। তিন দলের শীর্ষ নেতারা ইতিমধ্যে কয়েক দফা বেঠক করে জোটের নীতিমালাসহ ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।
বৃহত্তর সুন্নি জোটের অন্যতম শরীক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর দেশ রূপান্তরকে বলেন, দেশের সুন্নি আলেম সমাজ, ছাত্র সমাজ ও আপামর সুন্নি জনতার দীর্ঘদিনের আকাক্সক্ষা ছিল দেশের রাজনীতির মাঠে সুন্নিপন্থী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দেখা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জোটের আত্মপ্রকাশের মধ্য দিয়ে তাদের সেই আকাক্সক্ষার বাস্তবায়ন শুরু হবে। প্রাথমিকভাবে তিনটি রাজনৈতিক দল নিয়ে জোটের যাত্রা শুরু হলেও আগামী সুন্নিপন্থী আরও রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠন বিশেষ করে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরিকতপন্থী দরবারগুলোর সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে। জোটের আত্মপ্রকাশের পর আগামী নির্বাচনে আসন ভাগাভাগি কিংবা ভোটের প্রতীকের বিষয়গুলো আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই রাজনৈতিক জোটের নেতৃত্বেও কাঠামোতে অন্যান্য জোটের মতো একক কোন নেতা থাকছেন না। তিন দলের শীর্ষ ছয় নেতার ফোরাম আলাপ আলোচনার ভিত্তিতে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে। সর্বশেষ গত বৃহস্পতিবার আত্মপ্রকাশের প্রস্তুতি হিসেবে তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সর্বশেষ বেঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানীসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জোটের ঘোষণাপত্র অনুমোদন করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ দেশ রূপান্তরকে বলেন, নতুন এই জোট সুন্নি জনতার মধ্যে নতুন আশার সঞ্চার করবে।
তিনি বলেন, জোট ঘোষণার আগে গত ২৩ আগস্ট অনুষ্ঠিত তিনটি আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর ঐক্যবদ্ধ কাউন্সিল ও একক নেতৃত্ব ঘোষণা সুন্নিদের একক প্লাটফর্মে আনার ক্ষেত্রে একই মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতদিন নানা বিভক্তির কারণে কোন নির্বাচনে সুন্নিপন্থী দলগুলো ভোটের মাঠে উৎসবের আমেজ তৈরি করতে না পারলেও ‘বৃহত্তর সুন্নি জোট’ আগামী দিনে ভোটের হিসেব পাল্টে দিতে পারে।
প্রসঙ্গত, নতুন জোটের অন্তভূক্ত তিনটি দলই ইতিপূর্বে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও ভোটের ফলাফলে কোন চমক দেখাতে পারেনি। এর মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ‘মোমবাতি’ প্রতীক নিয়ে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ‘চেয়ার’ প্রতীক নিয়ে ও বাংলাদেশ সুপ্রিম পার্টি ‘একতারা’ প্রতীক নিয়ে নির্বাচন করে।