ভুটানে ম্লান শিরোপা স্বপ্ন

শুরুতেই গোলের দেখা পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে অগোছালো ফুটবল খেলে দুর্বল ভুটানের সঙ্গে ১-১ ড্রয়ের লজ্জা পেতে হয়েছে মাহবুবুর রহমান লিটুর দলকে। তাতে সাফ নারী অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার অন্য ম্যাচে নেপালকে ৫-০ ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

পাঁচটি ম্যাচ শেষে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ভারত। বাংলাদেশ তিন জয়, এক ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে দুয়ে শেষ করা নিশ্চিত করেছে। বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম আসরেও বাংলাদেশকে রানার্সআপ হতে হয়েছিল। তবে এবার না পারাটা ব্যর্থতাই। দেশের নারী ফুটবলের সাফল্যের ধারা অব্যাহত রাখতে না পারার হতাশা নিয়ে আগামীকাল আনুষ্ঠানিকতার শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

শিরোপা স্বপ্নটা ধুসর হয়েছিল রাউন্ড রবিন লিগের প্রথম পর্বে ভারতের কাছে ২-০ গোলে হারে। তারপরও নিজেদের শিরোপা রেসে টিকিয়ে রাখতে শুক্রবার জয়ের বিকল্প ছিল না। শুরুটাও হয়েছিল আশা জাগানিয়া। ম্যাচের ষষ্ঠ মিনিটে ভুটানের গোলকিপার কেলজান ওয়াংমোর ভুলের সুযোগে লিড নেয় বাংলাদেশ। ব্যাক পাস ক্লিয়ার করতে গিয়ে ওয়াংমোর বল তুলে দিয়েছিলেন পুর্ণিমা মারমার পায়ে। একটু এগিয়ে নিখুঁত শটে ওয়াংমোর মাথার ওপর দিয়ে বল পোস্টে পাঠান। এর পরপরই সুরভী আকন্দ প্রীতির শট ঝাঁপিয়ে আটকান ওয়াংমো। ১৬ মিনিটে পুর্ণিমার আড়াআড়ি ক্রসে প্রীতির প্লেসিং ক্রসবারে বাধাপ্রাপ্ত হলে হতাশা বাড়ে বাংলাদেশের। এর পরপরই আগের ম্যাচে হ্যাটট্রিক পাওয়া সুরভীর আরেকটি শট অল্পের জন্য পোস্টে থাকেনি। ২৭ মিনিটে ডান দিক থেকে মামনি চাকমার ক্রসে ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হয়ে দলের লিড বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন পুর্ণিমা।

প্রথমার্ধের যোগ করা সময়ে ধারার বিপরীতে গোল পেয়ে যায় ভুটান। সতীর্থের লং পাস ধরে দ্রুত বক্সে ঢুকে বাংলাদেশ কিপার ইয়ারজানকে পরাস্ত করেন চোরতেন জাংমো।

বিরতি থেকে ফিরে বাংলাদেশ জোর চেষ্টা করেও আর গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ভুটানের তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন মামনি চাকমা। তবে দ্রুত পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তার শট আটকে দেন ভুটান কিপার। বাকি সময় এলোমেলো ফুটবলে গোলের সুযোগ হাতছাড়া করে স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বাংলাদেশকে।

সন্ধ্যায় অন্য ম্যাচে নেপালকে কোণঠাসা করে বড় জয় নিশ্চিত করে ভারত শিরোপার আগাম উদযাপন সেরে নিয়েছে। দলটির হয়ে পার্ল ফার্নান্দেজ ও দেবযানী লিন্ডা দুটি করে গোল করেন। লংজামের পা থেকে আসে অন্য গোল।