ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বিক্ষোভের জোয়ার সৃষ্টি হয়েছে এক মোটরসাইকেল চালকের মৃত্যুকে কেন্দ্র করে।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনের কাছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের একটি গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন।
ঘটনার প্রতিবাদে শুক্রবার শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভে পুরো শহর অস্থির হয়ে ওঠে। স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা যায়, পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু স্কুল আগেভাগেই ছুটি দিয়ে দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজ করতে নির্দেশ দেয়। এমনকি কিছু এলাকায় সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠনের নেতা মুজাম্মিল ইহসান জানান, পুলিশি সহিংসতার বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে এবং বিভিন্ন সংগঠন এতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এক ভিডিও বার্তায় নিহত চালক আফান কুর্নিয়াওয়ানের পরিবারের প্রতি শোক জানিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দিয়েছেন।
এদিন সন্ধ্যায় রাজধানীর কুইতাং এলাকায় পুলিশের সদর দপ্তরের বাইরে হাজারো মানুষ সমবেত হলে কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়। বিক্ষোভ কেবল জাকার্তায় সীমাবদ্ধ না থেকে দেশটির অন্যান্য বড় শহর—মেদান ও সুরাবায়াতেও ছড়িয়ে পড়ে।