আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে তীব্র গরমের কারণে বড়সড় পরিবর্তন এসেছে ম্যাচের সময়সূচিতে। টুর্নামেন্টের মোট ১৯টি ম্যাচের মধ্যে ১৮টিই নতুন সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচগুলো, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা।
শুধুমাত্র একটি ম্যাচের সময় অপরিবর্তিত থাকছে। সেটি হলো ১৫ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মধ্যকার খেলা। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, চরম গরম থেকে খেলোয়াড়দের সুরক্ষা ও দর্শক-সম্প্রচারকদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন আসরটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে ২৯ সেপ্টেম্বর।
মোট ১৯ ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইতে, বাকি আটটি আবুধাবিতে। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল—ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
গ্রুপ ‘এ’-তে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে ‘সুপার ফোর’-এ, সেখান থেকে ফাইনালে মুখোমুখি হবে সেরা দুই দল।