সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে নেদারল্যান্ডস তুলেছে ৮ উইকেটে ১৩৬ রান। ডাচদের ইনিংসে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা নিদামানুরু। চার উইকেট নেন তাসকিন আহমেদ, দুটি নেন সাইফ হাসান।
ডাচদের ইনিংসে শুরুতে আঘাত হানেন তাসকিন। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ফেরান ভয়ংকর হয়ে ওঠা ম্যাক্স ও’ডাউডকে। তাসকিনের গুড লেংথ বলে শর্ট কাভারে ক্যাচ হয়েছেন জাকের আলীর। ১৫ বলে ২৩ রান করা ও’ডাউড ৩টি চার ও ১টি ছক্কা মারেন। পাওয়ার প্লেতে ডাচরা তোলে ৩৪ রান। ইনিংসের পঞ্চম ওভার বল করতে এসে কোন রান দেননি শরিফুল ইসলাম। ইনিংসের অষ্টম ওভারে তাসকিনের করা অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে পারভেজ হোসেনতে ক্যাচ দেন বিক্রমজিৎ সিং।
সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন এডওয়ার্ডস ও তেজা। তবে ইনিংসের দশম ওভারে বল করতে এসে জোড়া আঘাত করেন সাইফ হাসান। ওডওয়ার্ডস (১২) ও তেজা দুজনকেই ফেরান। সাইফ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম উইকেট পেলেন। এর আগে টেস্টে সাইফ একটি উইকেট পেয়েছিলেন।
দলীয় একশোর আগেই শারিজকে ফেরান বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে দেশের হয়ে এটি ছিল মোস্তাফিজের ১৪০তম উইকেট।
১৬তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১০০ পূর্ণ করে নেদারল্যান্ডস। তাসকিন কাইল ক্লাইনকে ম্যাচে নিজের তৃতীয় শিকার বানান। নিজের করা চতুর্থ ওভারেও উইকেট নেন তাসকিন। এবার তার স্লোয়ার ডেলিভারিতে আউট হন নোয়াহ ক্রস। তাসকিন ৪ ওভারে ২৮ রান খরচায় নেন ৪ উইকেট। এর আগে ২০২২ সালে হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে (৪/২৫) ও ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে (৪/১৬) ৪ উইকেট পেয়েছিলেন তাসকিন।
এরপর টিম প্রিঙ্গেল ও আরিয়ান দত্ত দলের সংগ্রহ ১৩৬ এ নিয়ে যান।