সৌদি প্রো লিগে মৌসুমের প্রথম ম্যাচে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, হ্যাটট্রিক করেন জোয়াও ফেলিক্স। তাতে আল নাসর ৫-০ ব্যবধানে হারিয়েছে আল তাওউনকে। নাসরের হয়ে এই ম্যাচ দিয়েই সৌদি লিগে অভিষেক হলো ফেলিক্সের। তার মতো লিগ অভিষেকে গোল করেছেন কিংসলে কোমানও।
চেলসি ছেড়ে এবার নাসরে যোগ দেওয়ার পর সৌদি সুপার কাপের দুই ম্যাচে ঝলক দেখিয়েছিলেন ফেলিক্স। এবার জ্বলে উঠলেন লিগের শুরুতেও। প্রতিপক্ষের মাঠে ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলটি করেন ফেলিক্স। মূলত ডান পায়ের ফুটবলার হলেও গোলটি করেন বাঁ পায়ের শটে। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর রোনালদোর পাস থেকে কোমানের শট ফিরিয়ে দেন আল তাওউনের গোলকিপার। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর শট একটুর জন্য বাইরে চলে যায়। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। ক্যারিয়ারে এটি তার ৯৪০তম গোল। পরের মিনিটে হেডে ব্যবধান বাড়ান কোমান। ৬৭ মিনিটে সাদিও মানের কাছ থেকে বল পেয়ে বক্সের একটু বাইরে থেকে বল জালে পাঠান ফেলিক্স। ৮৭ মিনিটে ফেলিক্স হ্যাটট্রিক পূর্ণ করেন নাটকীয়ভাবে। রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরে আসে মাঠে। সেটি ফেরাতে গিয়ে মাটিতে পড়ে গোললাইনের ভেতরে চলে যান আল তাওউনের গোলকিপার। ফিরতি বলে খুব কাছ থেকে শট নেন ফেলিক্স, মাটিতে শুয়ে থাকা অবস্থায়ই বল ফিরিয়ে দেন গোলকিপার। কিন্তু বল সামান্য একটু ভেতরে ঢুকে যায়, গোল হওয়ার জন্য যা যথেষ্ট।