ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকারকে গুলি করে হত্যা

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে প্রকাশ্যে গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) দুপুরে অজ্ঞাত এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই বন্দুকধারী সেখান থেকে পালিয়ে যায়। হত্যাকারীকে ধরতে দেশব্যাপী অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। এখনো হামলাকারীর পরিচয় কিংবা হত্যার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কর্মকর্তারা এটিও পরিষ্কার করে বলেননি, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কোনো যোগসূত্র এখানে আছে কি না।

রয়টার্সের খবরে বলা হয়, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকারের দায়িত্ব পান এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত সে পদে ছিলেন। এর আগে, তিনি ২০১৩–১৪ সালের ইউরোমাইদান আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বে ছিলেন, যেখানে ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দাবি জোরালো হয়।

২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পারুবি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ছিলেন। তার মেয়াদকালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং পূর্বাঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

পারুবির মৃত্যুর ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘লভিভে অঞ্চলে ভয়াবহ এক হত্যাকাণ্ডে আন্দ্রি পারুবি নিহত হয়েছেন। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। হত্যাকারীকে ধরতে ও তদন্তে সব ধরনের শক্তি-সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে।’

লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই প্রতিক্রিয়ায় বলেন, ‘দেশ যুদ্ধাবস্থায় রয়েছে, আর আমরা দেখছি, নিরাপদ জায়গা এখন আর কোথাও নেই। হত্যাকারীকে খুঁজে বের করা এবং ঘটনার প্রকৃত কারণ জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো শোকবার্তায় বলেন, ‘এটি কেবল পারুবিয়ের ওপর নয়, বরং ইউক্রেনের হৃদয়ের ওপর গুলি চালানো হয়েছে। তিনি ছিলেন মহান মানুষ, প্রকৃত বন্ধু। এছাড়া তিনি আমাদের সেনাবাহিনী গঠনে অমূল্য অবদান রেখেছেন।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এক বিবৃতিতে পারুবিকে ‘দেশপ্রেমিক ও প্রকৃত রাষ্ট্রনায়ক’ বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিডেনকো বলেন, এই হত্যাকাণ্ড দেশের জন্য ‘গভীর ক্ষতি’ এবং দ্রুত তদন্ত নিশ্চিত করা জরুরি।

তবে আইনশৃঙ্খলা বাহিনী এখনো হত্যাকারীর পরিচয় কিংবা উদ্দেশ্য নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।