আমি বিসিবি নির্বাচন করছি: তামিম ইকবাল

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৩২ এএম

অনেকদিন ধরে বিষয়টি গুঞ্জনের পর্যায়েই ছিল যে, আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সাবেক দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। কিছু কিছু মিডিয়া তাকে আমিনুল ইসলাম বুলবুলের পরবর্তী সভাপতি হিসেবেও ঘোষণা করেছিল। এবার তামিম নিজেই জানালেন, অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি অংশ নেবেন।

বিসিবির সভাপতি হওয়ার বিষয়টি এতটা সহজ নয়। আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে। তামিম ইকবাল সেটাই করতে যাচ্ছেন। একটি শীর্ষ গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না। এটি বলতে পারি যে, খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি। দুটি ক্লাবের সঙ্গে আছি। কাউন্সিলর তো হবই।’

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়েছিলেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর নতুন সরকার এসে এনএসসি কোটায় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বিসিবি প্রধান হিসেবে নিয়োগ দেয়। তবে তিনি ৯ মাসের বেশি টিকতে পারেননি, দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে বিদায় নিয়েছেন। বর্তমানে আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত