ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ 

চট্টগ্রামের পটিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হল নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকালে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনের প্রার্থী ও দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডাঃ এমদাদুল হাসান। 

ডাঃ এমদাদুল বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং ন্যায়-বিচার প্রতিষ্ঠায় ভিপি নুর ও তার দলের নেতাকর্মীরা সর্বদা কাজ করে এসেছেন। তার ওপর যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হলেও প্রশাসন তাদের পক্ষ নিয়ে ভিপি নুরসহ আমাদের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। ভিপি নুর ফ্যাসিবাদের শক্তি ভেঙে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতারিত করেছেন। আপনারা ভিপি নুরকে সরিয়ে দিয়ে যে রাজত্ব কায়েম করতে চাচ্ছেন তা এই বাংলার মাটিতে হতে দেব না।

উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এজাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা কাসেম আল নাহিয়ান, উপজেলা সভাপতি ডাঃ বিকে দত্ত, দক্ষিণ জেলা ছাত্র অধিকার সভাপতি আরজু, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, উপজেলা সভাপতি গোলাম সোবাহান, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, যুব অধিকার পরিষদের সভাপতি নবাব মোহাম্মদ আরফাত, সদস্য সচিব মোহাম্মদ ইমন, মো. নাঈম, শ্রমিক অধিকারের নেতা সেলিম, পটিয়া শ্রমিক নেতা মোজাম্মেল, ছাত্র অধিকার সভাপতি আরমানুর রহমান, কাজী ফখরুল ইসলাম আবেদী, জিয়া উদ্দিন বাবলু প্রমুখ।