সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নকলায় গণমাধ্যম কর্মীদের প্রতিবাদ

নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক।

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পিএম
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুরের নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
 
শনিবার (১৭ অক্টোবর) রাতে নকলা হলচত্বরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক নিন্দা ও প্রতিবাদ সভায় এসব দাবি জানান সাংবাদিকরা।
 
নকলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়া নৈতিক দায়িত্ব। 
 
তারা বলেন, লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
 
সভায় নিহত আলিফের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
 
উক্ত প্রতিবাদ সভায় দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানা, বাংলাদেশ বুলেটিন এর সাংবাদিক শফিউল আলম লাভলু, অপরাধ তথ্যচিত্রের সাংবাদিক আরিফুর রহমান, জাতীয় অর্থনীতি ও ন্যাশনাল কান্ট্রি টুডের নাহিদুল ইসলাম রিজন, আজকের বাংলাদেশ পত্রিকার রাইসুল ইসলাম রিফাত, বৈশাখী টিভি অনলাইনের সজিব মিয়া, সময়ের কথার মোস্তাক আহমেদ, বাংলাদেশ বুলেটিন ও যায়যায়দিনের মাসুম বিল্লাহ রাকিব, নন্দিত টিভির নয়ন শেখ, মোহনা টিভির আবদুল্লাহ আল-আমিন, আলোকিত সকালের এম এ ফিরোজসহ নকলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত