ব্রাজিলের ফুটবলার ডেভিড লুইজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ৩৮ বছর বয়সী সাবেক চেলসি, আর্সেনাল ও পিএসজি ডিফেন্ডারের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা। ইতোমধ্যেই এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ফুটবলবিষয়ক গণমাধ্যম 'ট্রিবিউনা'।
কারোল কাভালকান্তে নামের ওই নারী দাবি করেছেন, লুইজের সঙ্গে তার সম্পর্ক ছিল। বিষয়টি গোপন রাখতে লুইজ তাকে ১ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ১৮ হাজার মার্কিন ডলার) দেওয়ার প্রস্তাব করেছিলেন। কিন্তু কাভালকান্তে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে লুইজ নাকি তাকে হুমকি দেন। ২০১০ সালে ব্রাজিলের আলোচিত এলিজা সামুদিও অপহরণ এবং খুনের প্রসঙ্গ টেনে লুইজ তাকে ভয় দেখান বলে অভিযোগ।
একটি বার্তায় ব্রাজিলিয়ান ডিফেন্ডার লিখেছেন, ‘তুমি জানো আমার কাছে টাকা আর ক্ষমতা আছে। তাই চালাকি করার চেষ্টা কোরো না। এটা দুঃখজনক হবে যদি তোমার ছেলেকে তোমার কাজের পরিণতি ভোগ করতে হয়।’ আরেকটি বার্তায় লুইজ হুমকি দিয়ে লিখেছেন, ‘আমি চাইলে তোমাকে সহজেই গায়েব করতে পারি। আমার লোক আছে, যে জানে এই মুহূর্তে তুমি কোথায় আছ। আর আমার কিছুই হবে না। তাই এগুলো মুছে দাও।’
ঘটনার পর প্রাণনাশের আশঙ্কায় সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন কাভালকান্তে। আদালত এ ঘটনায় অভিযোগকারীর সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। লুইজকে ওই নারীর সঙ্গে যোগাযোগ ও কাছাকাছি আসার ব্যাপারে পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন ডেভিড লুইজ। তার প্রতিনিধিরা জানিয়েছেন, ওই নারীর সঙ্গে যোগাযোগ ছিল ঠিকই, তবে হুমকি বা অবৈধ সম্পর্কের অভিযোগ সত্য নয়।
লুইজের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ এটাই প্রথম নয়। এর আগেও একই নারী জানিয়েছিলেন যে, লুইজ তার সঙ্গীর অজান্তে অনলাইনে যোগাযোগ করেন এবং একবার বন্ধুকে নিয়ে ‘থ্রিসাম’ -এর প্রস্তাব দেন। সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারও সেই নারীকে ঘিরে ঘটনা নিয়ে লুইজের প্রতিনিধিরা দাবি করেছেন, ‘সব তথ্য আদালতে পরিষ্কার হবে।’